‘শাসকের চটি চেটে নয়, চোখে চোখ রেখে..’, উৎপল দত্তের বামপন্থী মনোভাবে প্রশ্ন উঠতেই কলম ধরলেন উষশী!

অভিনেতা, পরিচালক, নাট্যকার একই অঙ্গে নানা রূপ তাঁর ৷ বাংলা সিনেমা ও নাটকের অন্যতম প্রবাদপ্রতীম তারকা উৎপল দত্ত (Utpal Dutt)। কৌতুক অভিনেতা হিসাবেও তাঁর খ্যাতি রয়েছে। কিছুদিন আগেই গিয়েছে অভিনেতার জন্মদিন। কিন্তু, তাঁর জন্মদিনে অভিনেতা রুদ্র প্রসাদ সেনগুপ্ত (Rudra Prasad Sengupta) তাঁকে নিয়ে কিছু বিতর্কমূলক কথা লিখেছিলেন।
তিনি লিখেছেন, “উনি যে খুব বড় কমিউনিস্ট সেকথা বারবার তিনি প্রমাণ করার চেষ্টা করতেন। কিন্তু কেন? তাহলে কি মানুষ তাঁকে বামপন্থী ভাবতেন না? সেই কারণেই বারবার প্রমাণ করার চেষ্টা চালিয়ে যেতেন তিনি?” এছাড়াও তিনি বলেন, “আমার অনুমান তিনি নিজেকে কমিউনিস্ট বলতেন, তাঁর সঙ্গে অভিনয় করতেন। সেটা করতে গিয়ে কয়েকটা খারাপ কাজ করতেন। তাতে দেশের কোনও উপকার হত না।” আর এমন একজন কিংবদন্তী মানুষকে নিয়ে এহেন কথা বলার পরই আলোচনার ঝড় উঠেছে।
প্রয়াত বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা অভিনেত্রী উশষী চক্রবর্তী এই বিষয়ে বলেছেন, “উৎপল বামপন্থী হওয়ার চেষ্টা করেননি। বামপন্থী ছিলেন। হাড়ে মজ্জায়। শাসকের চটি চেটে নয় , স্বৈরাচারী শাসকের চোখে চোখ রেখে, একের পর এক নাটক লিখে , নাটক পরিচালনা করে উনি আমাদের মত অনেককেই শিখিয়েছেন মেরুদন্ড একেবারে বিক্রি না করেও কি ভাবে বেঁচে থাকা যায়। সেই প্রজন্মের এখনও অনেকেই হয়ত এখনও আছেন, যাঁরা বলতে পারবেন, কি ভাবে দিনের পর দিন, রাতের পর রাত ‘কল্লোল ‘ বা ‘দুঃস্বপ্নের নগরী ‘ পাহারা দিয়ে প্রতিরোধ করেছেন শাসকের আক্রমনের।”
আরও পড়ুনঃ বয়স ৯০ ছুঁই ছুঁই, এদিকে দেখার কেউ নেই! অসুস্থ অবস্থায় শুটিং করে পেট চালাচ্ছেন বৃদ্ধা! কন্ঠে আফসোসের সুর, কেমন আছেন বাসন্তী চট্টোপাধ্যায়?
অভিনেত্রী আরও বলেন, “শাসকের আক্রমনের সামনে দাঁড়িয়ে নিজের মতাদর্শের কথা বলতে দম লাগে। সবার থেকে সেই দম প্রত্যাশা করি না। কিন্তু তাই বলে নিজে অভিনেতা হয়ে একজন কিংবদন্তী পরিচালন, নাট্যকার,অভিনেতাকে ভাঁড় বলার মধ্যে মনের ও মননের যে দীনতার বহি:প্রকাশ ঘটে তাকে কুরুচিকর, নিন্দনীয় ছাড়া আর কিছুই বলার থাকে। সন্দেহ জাগে এই বিষোদগার অসূয়াপ্রসূত নয় তো? উৎপল দত্ত ওঁর জায়গায় অমলিন আছেন ও থাকবেন। আমার বলায় বা না বলায় কিছু এসে যাবে না। কিন্ত তাও আমার এই প্রতিবাদ রইল। কারণ উৎপল দত্তের নাটক দেখেই শিখেছি ( যতদূর মনে পড়ছে নাটকটির নাম ছিল একলা চল রে) আমাদের প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত। সেই ধারা মেনে আমার প্রতিবাদ রেজিস্টার করিয়ে রাখলাম।”

