“খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি”- ছবির প্রোমশানে এসে চোখে জল পরমব্রতর!

খুব শীঘ্রই পরমব্রতর (Parambrata Chatterjee) পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ ছবিতে ফিরছে অঞ্জন (Anjan Dutt) অপর্ণার (Aparna Sen) জুটি। এই ছবিতে নস্টালজিয়ার রেশ পাওয়া যাবে। ছবিতে অঞ্জন-অপর্ণার চরিত্র দু’টির নাম অমর এবং জয়িতা। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। ইতিমধ্যেই, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছে। আর দর্শকের থেকে অনেক ভালো সাড়া পেয়েছে ছবিটি। ২০২৫-এর ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে অঞ্জন-অপর্ণার নতুন ছবি।
ছবি নিয়ে পরমব্রতকে প্রশ্ন করা হয়েছিল, এই প্রথম পর্দায় জুটিতে অপর্ণা সেন-অঞ্জন দত্ত। পরিচালনার অভিজ্ঞতা কেমন? পরমব্রতর কথায়, “ছবিটি যেমন বিশেষ আমার কাছে তেমনই বিশেষ এঁদের নিয়ে কাজ করা। ৫০ বছর এক ছাদের নীচে কাটানো এক দম্পতির একটি রাতের গল্প। শুটিং শুরুর থেকে শেষ দিন পর্যন্ত নানা ভাবে শুধুই শিখেছি। কখনও পরিচালক হিসেবে, কখনও অভিনেতা হিসেবে।” প্রথম দিন থেকে তিনি অপর্ণা-অঞ্জনকেই চেয়েছিলেন এই ছবির জন্য।

পরিচালক আরো বলেন “ছবির গল্প প্রথম শুনিয়েছিলেন এক দক্ষিণী কাহিনিকার। গল্পটি এত ভাল লেগেছিল যে আমি তাঁর কাছ থেকে গল্পটি নিয়ে রাখি। সেটিকেই ঘষেমেজে আমাদের শহরের উপযোগী করা হয় পরে।”
ছবিটি করার পিছনে কি ভাবনাচিন্তা কাজ করেছিল পরমব্রতর? এই প্রশ্নের উত্তরে তিনি জানান “২০ বছর বয়সে বাবাকে হারিয়েছি। তার ২৩ বছর পরে মাকে। ওঁদের বার্ধ্বক্য দেখার সৌভাগ্য আমার হয়নি। গল্পটা শুনতে শুনতে মনে হয়েছিল, মা-বাবা থাকলে বোধহয় পর্দার অঞ্জনদা-রিনা মাসির মতো করেই থাকতেন। বলতে পারেন, ওঁদের দিয়ে আমার হারিয়ে ফেলা মা-বাবাকে ফিরে দেখতে চেষ্টা করেছি।”
আরও পড়ুনঃ লাহিড়ী বাড়ির ছেলেদের চরিত্রে ক’লঙ্কের ছাপ! নিজের ভাঙা সংসার কিভাবে জুড়বে আনন্দী?
এই ছবিতে অভিনয় করা নিয়ে দুই অভিনেতা অভিনেত্রী কিছু বক্তব্য রেখেছিলেন। অপর্ণা সেন বলেন “এই ছবিতে অভিনয় করছি, আমার বিপরীতে অঞ্জন আছে বলেই। ওর সঙ্গে অভিনয় করাটা আমার কাছে খুব ভাল লাগার। ছবিতে একসঙ্গে অনেক মুহূর্তের সাক্ষী হয়েছি, যা দর্শক নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবেন।” অঞ্জন দত্তের কথায়, “খুব অল্প বয়সে পরমকে ছবির জগতে আমি এনেছিলাম। সেই পরম আজ আমায় আর রিনাদিকে একসঙ্গে পরিচালনা করছে। এই বিষয়টা ভাবতেই ভাল লাগছে।”

