“ইন্ডাস্ট্রি মনে করে আমি আর অভিনয় করতে পারি না”, কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী?

এক সময়ে বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা ছিলেন তিনি। যার অভিনয় বারবার প্রশংসিত হয়েছে দর্শক মহলে। চরিত্র নেগেটিভ হোক বা পজেটিভ তার অভিনয় ছাপ ফেলেছে সকলের মনে। যদিও দীর্ঘদিনের অভিনয় জীবনে ধারাবাহিকভাবে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। একটা সময় নব্বইয়ের দশকের বাচ্চারা বিপ্লব চ্যাটার্জীর (Biplab Chatterjee) নাম শুনলেই ভয়ে কান্না থামিয়ে দিত। পর্দার এই ‘বদমাশ’ লোকটা ছাড়া একেবারে অসম্পূর্ণ ছিল যে কোন বাংলা সিনেমা।

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন বিপ্লব চ্যাটার্জী?

সত্যজিৎ রায়ের পরিচালিত প্রতিদ্বন্দী চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তারপর লাল পান বিবি, চৌধুরী পরিবার, বাঞ্ছারামের বাগান, চারমূর্তি, এক দিন প্রতিদিন, সবুজ দ্বীপের রাজা, জয় বাবা ফেলুনাথ, ফটিকচাঁদ, প্রতিকার, ফিরিয়ে দাও, জীবন নিয়ে খেলা, কৈলাশে কেলেঙ্কারি, যাঁরা বৃষ্টিতে ভিজেছিল, জীবন নিয়ে খেলা, রাজমহল, কিশোর কন্যা, শত্রু, নির্ভয়া, খোকাবাবু, ওয়ান্টেড, চ্যাম্প, মিসেস সেন, অসুর সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন বিপ্লব চ্যাটার্জী। পাশাপাশি পরিচালনা করছেন একাধিক সিনেমা।

Bengali actor

বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে কি বলেছেন বিপ্লব চ্যাটার্জী

তবে বর্তমানে তাকে আর দেখা যায়না ইন্ডাস্ট্রিকে। কোথায় হারিয়ে গেলেন বিপ্লব চ্যাটার্জী? সম্প্রতি ইন্ডাস্ট্রির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। বর্তমানে কেমন আছেন তিনি? উত্তরে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন “একটুও ভাল নেই। সারা শরীরে ব্যথা। বয়স হলে যা হয়।” সম্প্রতি ৭৭ বছরে পা দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। তবে জন্মদিন উপলক্ষ্যে, ইন্ডাস্ট্রি থেকে কোন ফোন আসেনি? প্রশ্ন শুনেই অভিনেতার কণ্ঠে ভেসে উঠেছে একপ্রকার অভিমানের ছোঁয়া। আক্ষেপের সঙ্গে অভিনেতা জানিয়েছেন “জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একাধিক ফোন এসেছে ইন্ডাস্ট্রি থেকে। তবে কাজ সংক্রান্ত কোনও ফোন আসেনি। কেনই বা আসবে? গোটা ইন্ডাস্ট্রি জানে আমি আর অভিনয় করতে পারি না। যে অভিনয় করতে পারে না তাকে কেউ ডাকে?”

ওয়েব সিরিজে সুযোগ পেলে কি কাজ করবেন বিপ্লব চ্যাটার্জী

অভিনেতাকে শেষবারের মত পর্দায় দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজ ‘দুর্গ রহস্য’-এ। এরপর বড় পর্দায় অভিনেতার শেষ কাজ পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিতে। সেখানে নুসরত জাহানের বাবার চরিত্রে ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। তবে ওটিটিতে সুযোগ এলে আবারও কি কাজ করতে চাইবেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘আমার কাছে সব মাধ্যমের সমান গুরুত্ব রয়েছে। কারণ, প্রত্যেক মাধ্যমেই অভিনয় করতে হয়।’ তাহলে কি আগের মত পর্দায় খলনায়ক হিসাবেই ফিরতে চান অভিনেতা?

আরও পড়ুন: এবার নিজেকে প্রমাণ করার পালা, সবশেষে কি রাইয়ের উচিত অনির্বাণের কাছে ফিরে যাওয়া?

খল নায়কের চরিত্রে কি আর দেখা যাবে বিপ্লব চ্যাটার্জীকে?

অভিনেতার কথায় আপাতত আর খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চান না তিনি। ‘প্রহার’ ছবিতে নানা পটেকর যে চরিত্রে অভিনয় করেছিলেন তেমন কোনও চরিত্রের জন্য সুযোগ পেলে তাহলেই অভিনয় করবেন বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তা না হলে আপাতত ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকতে চান তিনি। তবে দ্রুত পর্দায় ফিরবেন তিনি, এমনটাই আশা রাখছেন তার অনুরাগীরা।

Bengali actor

Back to top button