ভূতে প্রচণ্ড ভয় পায় অনুষ্কা, ও আমাকেও ভয় পায়…” ‘রোশনাই’য়ের গোপন তথ্য ফাঁস করলেন শন

স্টার জলসার (StarJalsha) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’ (Roshnai)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee) ও অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। পর্দায় জমিয়ে অভিনয় করার সঙ্গে অফস্ক্রিনে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে দুজনের। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শন ফাঁস করলেন ‘রোশনাই’ সেটের গোপন কথা। হাসি, মজায় চলল আড্ডা।
টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় হচ্ছে শন-অনুষ্কার জুটি। অনুষ্কা ভারী মিষ্টি মেয়ে বলছেন শন। বয়সে ছোট অনুষ্কার সঙ্গে ঠাট্টা, ইয়ার্কি জোড়েন শন। তিনি বললেন, অনুষ্কা নাকি ভূতে মারাত্মক ভয় পায়। তাই দর্শকদের কাছে নায়কের অনুরোধ যদি কারোর ইচ্ছে হয় অনুষ্কাকে ভয় দেখাতেই পারে। যদিও নায়কের এইসব কান্ড মোটেই পছন্দ হলো না অনুষ্কার। অভিমান করে বললেন, “খুব খারাপ এটা কিন্তু ঠিক নয়।”
অনুষ্কা এবং শন দুজনেই বলছেন ভারী সুন্দর একটা টিম পেয়েছেন তাঁরা। অভিনয়ের পাশাপাশি সুন্দর সময় কাটে সবার। ধারাবাহিকে অভিনেত্রী লেখা অনুষ্কার বোন গরিমার চরিত্রে অভিনয় করছেন। সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হলো লেখার সঙ্গে অনুষ্কার সম্পর্ক কি রকম। অনুষ্কা অকপটে বললেন, সিনের চাইতে একেবারেই আলাদা। লেখা নাকি বলেছেন, পরবর্তী সাক্ষাৎকারে তিনি বলবেন, অনুষ্কা তাঁকে কতটা বিরক্ত করে।
এরপর হেসে পর্দার ‘রোশনাই’ বললেন, যার যার সাথে তাঁর ভালো সম্পর্ক হয়েছে, সবাইকেই কম বেশি বিরক্ত করেন তিনি। পাশ দিয়ে শন হেসে বলেন, আমায় অনুষ্কা ভয় পায়। তাই হয়ত ও আমায় বিরক্ত করতে আসে না! যদিও পরক্ষণে নায়ক বলেন, সবটাই মজা করে বলেছেন তিনি। দর্শকরা শন ও অনুষ্কার রসায়নকে পছন্দ করছে। ধারাবাহিকের গল্প অনেকেরই পছন্দের তালিকায়।
আরও পড়ুন: বিয়ের পর বদলেছে সম্পর্কের সমীকরণ! মা-বাবার থেকে আলাদা হলেন ‘উচ্ছেবাবু’! জন্মদিনে আদৃতের বাড়ি এলেন কারা?
শন বললেন সবটাই অনুষ্কার জন্য। সেই ‘রোশনাই’ সেই কেন্দ্রবিন্দু। ধারাবাহিকের প্রয়োজনে জমিয়ে নাচ প্র্যাকটিস করছেন নায়িকা। ‘রোশনাই’-এর পরিচয় তাঁর নাচ। অতএব নৃত্যের তালে নিজেকে ডুবিয়ে দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। এই ধারাবাহিক যাদের সবার মনে জায়গা করে নেয়, তার জন্য দিবারাত্র এক করে প্রস্তুতি চলছে তাঁর।

