জি ছেড়ে এবার জলসায়! ‘মিঠাই’ খ্যাত অভিনেতা থাকছেন জলসার নয়া ধারাবাহিক উড়ান-এ!

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চলতি মাসের ২৭শে মে থেকে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘উড়ান’ (Uraan)। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকছেন প্রতীক সেন (Pratik Sen) ও নবাগতা রত্নাপ্রিয়া দাস (Ratnapriya Das)। এবার এই মেগা ধারাবাহিক সম্পর্কে প্রকাশ্যে গরমগরম আপটেড।
স্টুডিওপাড়া সূত্রে খবর, ধারাবাহিকে নায়কের দাদা হিসাবে থাকছেন টেলিপাড়ার পরিচিত মুখ। দীর্ঘ ৬ বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন তিনি। অভিনেতা এতদিন ব্যস্ত ছিলেন জি বাংলার একাধিক ধারাবাহিকের প্রোজেক্ট নিয়ে।
উড়ানে প্রতীক সেনের পাশে দেখা মিলবে মিঠাইয়ের মূল অভিনেতার
মিঠাই ধারাবাহিকে অভিনয় করে ধারাবাহিকপ্রেমীদের নয়নের মণি হয়েছিলেন এই নায়ক। একটু একটু আঁচ করতে পারছেন? উড়ানে প্রতীকের দাদার ভূমিকায় দেখা মিলবে টেলি জগতের জনপ্রিয় অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের। মিলির পর আবার নয়া ধারাবাহিকে ধ্রুব। এ প্রসঙ্গে অভিনেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আমি প্রায় ৬-৭ বছর পর স্টার জলসায় কাজ করছি। শেষ অর্ধাঙ্গিনী করেছিলাম, খুবই এক্সাইটেড। এখানে আমাকে বাড়ির বড় ছেলের চরিত্রে দেখা যাবে’।
উড়ান প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
অভিনেতা আরও বলেন, ‘এই মুহূর্তে এইটুকুই বলব বড় ছেলে মায়ের খুব কাছের। সে সবসময় চেষ্টা করে বড় বলে তিন ভাইয়ের মধ্যে সবকিছু সে আগে করবে। এমবিএ করেছে। ফিটফাট থাকতে ভালোবাসে। উচ্চ-মধ্যবিত্ত পরিবারের ছেলে। তবে তার শরীরী ভাষা বলে বিশাল বড়লোকের ছেলে। হাবভাবটা রয়েছে আর কি। দুই ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আস্তে আস্তে দর্শক দেখতে পাবে।’
প্রতীক সেনের সঙ্গে প্রথম কাজ, কেমন লাগছে ধ্রুবজ্যোতি সরকারের?
প্রতীকের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? এ প্রসঙ্গে ধ্রুব বলেন, তার কাছে উড়ান একদম নতুন টিম। আগে অঞ্জনা বসুর সঙ্গে কাজ করেছেন। তবে গোটা টিম খুব ভালো। প্রতীকের সঙ্গে কাজ করে খুব ভাল লাগছে। দারুণ মজা করছি’।
আরও পড়ুন: ভালোবাসার রং লাগল অনিকেতের মনে! অরুণাভ-তৃষার ষড়যন্ত্র উপেক্ষা করে বৃষ্টিভেজা সন্ধ্যায় কাছাকাছি শ্যামলী-অনিকেত!
উড়ান-এর প্লট
প্রসঙ্গত, স্টার জলসার আসন্ন ধারাবাহিকের গল্পের নায়িকা পূজারিণী। ফুলের দোকান চালায় সে। পূজারিণী দায়িত্বশীল। অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অপরদিকে নায়ক মদ্যপ অবস্থায় পাড়ায় মস্তানি করে বেড়ায়। এক সময় ভাল ছাত্র ছিল সে। কিন্তু কোনও এক ঘটনা বদলে দেয় তার জীবন। অতীত ভুলে কীভাবে পূজারিণীর হাত ধরে জীবনের মূলস্ত্রোতে ফিরবে নায়ক? এই নিয়ে উড়ানের গল্প। ২৭শে মে থেকে, রাত ৮টায় সম্প্রচারিত হবে উড়ান।


