দশ বছরের স্মৃতি ভুলল পর্ণা! আবার পর্ণা-সৃজনের বিয়ে! প্রথম থেকে ‘নিম ফুলের মধু’! আলোকপর্ণার দ্বিতীয় ইনিংস আনছে জি বাংলা

বর্তমানে বেঙ্গল টপার জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Modhu)। প্রায় সমস্ত ধারাবাহিককে হারিয়ে এক নম্বরে জ্বলজ্বল করছে আলোকপর্ণা। স্বামী-সংসার নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল পর্ণা। মাঝে যদিও বিপদ হয় হাজির হয়েছিল সুইটি। তবে এবার একেবারেই উলটপূরাণ। দশ বছরের স্মৃতি হারিয়ে শুরু হচ্ছে পর্ণার নতুন ইনিংস। আবার প্রথম থেকে দেখানো হবে ‘নিম ফুলের মধু’!
হাড্ডাহাড্ডি টক্করের পর এই সপ্তাহের বেঙ্গল টপার জি বাংলার নিম ফুলের মধু
জি বাংলার এই ধারাবাহিক দুর্দান্ত খেল দেখাচ্ছে। এক থেকে তিন বাঁধাধরা জায়গা বানিয়ে রেখেছে আলোকপর্ণা। বেঙ্গল টপারের শিরোপা মাথায় পড়ে সবাইকে বুড়ো আঙুল দেখাচ্ছে নিম ফুলের মধু। এসবের মাঝে নব্বই ডিগ্রি ট্র্যাক বদল করল জি বাংলার হিট মেগা। সদ্য যে প্রোমোটি প্রকাশ হয়েছে, তা দেখার পর চক্ষু চড়কগাছ সবারই।
প্রকাশ্যে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র প্রোমো (Neem Phooler Modhu Promo)
জি বাংলার তরফে প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় দশ বছরের স্মৃতি হারিয়ে ফেলেছে আলোকপর্ণা। সে এখন নিজেকে কলেজের ছাত্রী ভাবছে। কলেজে যাওয়া পর্ণাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় সৃজন। সৃজনের বাড়ি দেখে বিয়ের সিদ্ধান্ত নেবে আলোকপর্ণা। দত্ত বাড়িতে পৌঁছে যায় কলেজ ছাত্রী পর্ণা। সেখানে ঠাম্মিকে ভারি ভালো লাগে তাঁর। ঢোকার মুখে বেড়া দেওয়া দেখে পর্ণা প্রশ্ন করে, একান্নবর্তী বাড়িতে বেড়া দেওয়া কেন?
তখন অয়ন আর মৌমিতা বলে দত্তবাড়ি একসঙ্গে থাকে না! একান্নবর্তী দত্ত পরিবার ভেঙে খান খান হয়েছে। এমন সময় কৃষ্ণা বলে পর্ণাকে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু ঠাম্মি আদর করে ডেকে নেয় আলোকপর্ণাকে। তখন পর্ণা বলে, “আপনাকে, এই বাড়িকে আর ঠাম্মিকে আমার ভালো লেগেছে। তবে এই মানুষগুলো আমার মাথার তারটা কেটে দিয়েছে। তাই আগে এদের শায়েস্তা করব তারপর বিয়ের কথা ভাববো।”
পর্ণার জীবনে শুরু দ্বিতীয় ইনিংস
এরপরই দেখা যাচ্ছে পর্ণার আর দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে জি বাংলার পর্দায়। অর্থাৎ ঘুর পথে নতুন করে শুরু হবে নিম ফুলের মধুর নতুন ট্র্যাক। অনেকেই এই ধারাবাহিকের নতুন ট্র্যাক দেখতে উৎসাহী, আবার অনেকেই বলছে “গল্পের গরু গাছে উঠেছে।” এখন দেখা যাক টিআরপি ধরে রাখতে জি বাংলার মাস্টার প্ল্যান কতটা খাটে।

