দিন দিন দৃঢ়তাহীন একটা চরিত্র পরিণত হচ্ছে শিমুল! কখনও শতদ্রু তো কখনও পরাগ, বিরক্ত হয়ে পড়ছে দর্শক!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। জনপ্রিয়তা পেলেও এই ধারাবাহিক নিয়ে আলোচনারও শেষ নেই। এই ধারাবাহিকের নায়িকা শিমুলের চারিত্রিক বৈশিষ্ট্য প্রথম থেকেই অবাক করেছে দর্শকদের। বিয়ের পর থেকে একা শ্বশুরবাড়িতে কোণঠাসা শিমুল প্রতিনিয়ত সবার অত্যাচার সয়েছে। সে দয়া অন্ত প্রাণ শিমুলই এখন শাশুড়ি-স্বামীর ভালোবাসায় অন্ধ!
কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে শিমুল। দেওর-জায়ের যৌথ ষড়যন্ত্রে হাজতবাস জুটেছিল তাঁর। জেলে থাকা শিমুলের পাশে ছিল তাঁর প্রাক্তন প্রেমিক শতদ্রু আর পড়শি বান্ধবীরা। কিন্তু স্বামী থেকে শাশুড়ি সবাই ছিল শিমুলের বিরুদ্ধেই। জেল থেকে ছাড়া পেতে তাঁদের জন্যই কিনা প্রাণ কাঁদছে নায়িকার!
জেল ফেরত শিমুলের ঠাঁই হয়েছিল বান্ধবী বিপাশা দির বাড়ি। সেখানে থাকতেই শিমুল জানতে পারে বিপাশার স্বামী চন্দন পরকীয়ায় জড়িত। তার পর থেকেই শিমুলের চেষ্টা চালাচ্ছে চন্দনের বিরুদ্ধে বিপাশা যাতে পদক্ষেপ নেয়। এখানেই দর্শকদের প্রশ্ন, তৃতীয় ব্যক্তি হিসেবে স্বামী-স্ত্রীর মাঝে ঢুকে কি ঝগড়া বাড়াচ্ছে না শিমুল রানী?
আরও পড়ুন- বউকে সন্দেহ করে সেরা বরের তালিকায় সৃজন আর সূর্য, দেখামাত্রই চরম ট্রোল নেট পাড়ায়!
এদিকে শিমুলের শ্বশুরবাড়িতে বিয়ে লেগেছে। ননদ পুতুলদি বসবে বিয়ের পিঁড়িতে। এদিকে, শিমুলের প্রাক্তন পরাগের হয়েছে অ্যাক্সিডেন্ট! আর তাতেই কিনা মন গলেছে নায়িকার! ডিভোর্সী, অত্যাচারিত স্বামীর জন্য মানসিক ভারসাম্যহীন পুতুলদির সঙ্গে খারাপ ব্যবহার করতেও ছাড়ছে না শিমুল! এ কেমন ব্যবহার! প্রশ্ন তুলছেন নেটিজেনেরা।
শুধু তাই নয়, পরাগের চিন্তায় ঘুম না হওয়া শিমুল কিন্তু ঠিকই বিপাশা -চন্দনের জীবনে অশান্তি সৃষ্টি করছে। যেখানে সব জেনে চুপ রয়েছে সুচরিতা ও শীর্ষা, সেখানে শিমুলের এত দালালি কেন! ক্ষোভ উগরে দিচ্ছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মত, মনের কথার নায়িকার চরিত্রটি দিনদিন অসহ্য হয়ে উঠছে। সহানুভূতি নয়, বরং বিরক্ত ধরছে অনুরাগীদের।

