অনস্ক্রিন জমজমাট রসায়ন থেকে বাস্তবেই প্রেম করছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভু! কোনটা সত্যি? স্বীকার করলেন জুটি

কথায় আছে, যা রটে তার কিছুটা বটে। জি বাংলার (Zee Bangla) সুপারহিট ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। বর্তমানে এই ধারাবাহিক বেঙ্গল টপারের মুকুট পরেছে মাথায়। ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘নিম ফুলের মধু’-কে হারিয়ে এক নম্বরে জ্যাস-স্বয়ম্ভুর জুটি। শুধুমাত্র ধারাবাহিকেই নয়, টলিপাড়ার কানাঘুষো খবর, জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর রসায়ন গড়িয়েছে বাস্তবেও। রিয়েল লাইফে নাকি চুটিয়ে প্রেম করছেন তাঁরা। দুজনের মধ্যেকার সম্পর্কে এসেছে নতুন মাত্রা।
একই ধারাবাহিকে অভিনয়ের সূত্র ধরে সম্পর্কে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহু তারকা জুটির সাক্ষী টলিপাড়া। জ্যাস-স্বয়ম্ভুর জুটিও কি সেই পথেই গড়াচ্ছে? ইঙ্গিত মিলছে ক্রমশই। সদ্য কেটেছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। ধারাবাহিকে জমে উঠেছে জ্যাস-স্বয়ম্ভুর প্রেম। পর্দার গন্ডি টপকে বাস্তবেও রোমান্টিক ধারায় অঙ্কিতা-সৌম্যজিৎ।
পর্দার জগদ্ধাত্রী তথা অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের এটাই প্রথম ধারাবাহিক। তবে স্বয়ম্ভু এর আগেও অভিনয় করেছেন টলিউডে। পর্দায় তাঁদের জুটি বিশেষ পছন্দ অনুরাগীদের। তাই বাস্তবেও তাঁরা এক হন তা মনেপ্রাণে চাইছেন দর্শক। আর দর্শক মহলের আব্দার রাখতেই মাঝেমধ্যে রোমান্টিক হোক কি ট্রেন্ডিং সং সবেতেই রিল বানাচ্ছেন জ্যাস-স্বয়ম্ভু।
তবে কি অনুরাগীদের ধারণাই সঠিক? চুপিচুপি প্রেম করছেন জুটি? প্রশ্ন রাখা হয় অঙ্কিতা এবং
সৌম্যজিৎ-এর কাছে। প্রশ্নের উত্তরে অবাক হয়ে হেসে ফেলেন তাঁরা। তবে সৌম্যজিৎ উত্তর দেন,
পর্দায় তাঁদের স্বামী-স্ত্রী হিসেবে পছন্দ করেন প্রচুর মানুষ আর সেই ভালোবাসা থেকেই এমন রটনা চলছে। আসলে রিয়েল লাইফে তাঁরা শুধুই বন্ধু।
সৌম্যজিৎ-এর কথায় সুর মিলিয়েছেন অঙ্কিতাও। বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই তাঁদের মধ্যে।
পর্দায় রোমান্টিক হলেও বাস্তবে চলে ঠাট্টা-ইয়ার্কি। আপাতত প্রেম সমুদ্রে ডুব দেননি জ্যাস-স্বয়ম্ভু। যদিও, সন্দেহ কাটেনি অনুরাগীদের। তাই চব্বিশ ঘন্টা যে নজরদারি চলবেই, তা জানিয়ে দিয়েছেন নেটিজেনেরা।

